গাইবান্ধার সাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে আসাদুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়েছে। এতে দুটি উন্নত জাতের বিদেশি গরুসহ ঘরে রক্ষিত মালামাল পুড়ে যাওয়ায় প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল ইসলামের দাবী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​আসাদুল ইসলাম ওই গ্রামের সিনতউল্লার পুত্র।

স্থানীয়রা জানান, আসাদুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তার গোয়াল ঘরে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। আসাদুল ঘর থেকে বেড়িয়ে দেখেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা দুটি বিদেশি জাতের গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আসাদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, “এই গরু দুটিই ছিল তার ঘরের শেষ সম্বল, একমাত্র আয়ের প্রধান উৎস। আগুনে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। তার দাবী, এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

এদিকে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘুড়িদহ ইউনিয়ন সেক্রেটারি কামাল পাশা মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}