পবিত্র ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নরসুন্দর (ক্ষৌরকার) কারিগরদের ব্যস্ততা তুঙ্গে। তবে এই ব্যস্ততার সুযোগে নরসুন্দর সমিতির নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন সেলুনের বিরুদ্ধে।

উপজেলা সদরের প্রায় শতাধিক সেলুনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। ঈদের আগে নিজেকে পরিপাটি করতে ছোট-বড় সব বয়সী ছেলে কিশোররা ভিড় করছেন এসব সেলুনে। বিশেষ করে পরিচিত সেলুনগুলোতে কাস্টমারদের ভিড় লক্ষণীয়ভাবে বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গ্রাহকদের, ফলে দীর্ঘ সময় ধৈর্য ধরে বসতে হয়। তবে অনেক নতুন বা কম পরিচিত সেলুনে দেখা যায় খদ্দের নেই, মালিক ও কর্মীরা অলস সময় পার করছেন।

জানা যায়, সমিতির নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী সাধারণ সময়ে চুল কাটার মূল্য ৫০ টাকা এবং ফোম শেভ ৫০ টাকা। তবে বর্তমানে অনেক সেলুনে এসব সেবার জন্য ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এছাড়া চুলে স্টাইল ও ব্র্যান্ড অনুযায়ী মূল্যও আলাদা হয়ে গেছে। স্থানীয় সেলুনগুলোর তথ্য অনুযায়ী, চুলে স্টাইল দেওয়ার খরচ ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

সদর বাজারের সেলুন মালিক উৎপল বিশ্বাস জানান,ঈদকে সামনে রেখে ছেলেদের মধ্যে জনপ্রিয় হেয়ার স্টাইলগুলো হলো ক্রু কাট,ফেড কাট,আন্ডারকাট,পমপডোর,কিফ কাট,বাজ কাট,মোহক কাট,স্লিক ব্যাক,টেক্সচার্ড ক্রপ,ম্যান বান ইত্যাদি।

উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডের শান্ত হেয়ার স্টাইল সেলুনের সত্বাধিকারী শান্ত চন্দ্র শীল জানান,ঈদের সময় গ্রাহকের চাপ অনেক বেড়ে যায়। এজন্য দীর্ঘ সময় কাজ করতে হয়, সহকারীর খরচও থাকে। তাই কিছুটা বাড়তি পারিশ্রমিক নেওয়া হয়। তবে স্বেচ্ছায় বকশিস দিয়ে গ্রাহকরা আমাদের উৎসাহ দেন,যা আমাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক।

একজন গ্রাহক বলেন,সাধারণ সেবার মূল্য তালিকা তো আছে, কিন্তু ঈদকে সামনে রেখে হেয়ার স্টাইলের দাম স্টাইল ও ব্র্যান্ড অনুযায়ী অনেক বেড়ে গেছে। কিছু কিছু স্টাইলের জন্য ৫০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে।

সচেতন মহল মনে করছেন,সমিতির নির্ধারিত মূল্য তালিকা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জরুরি। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রায় সব দোকানে এখন নির্ধারিত মূল্য তালিকা দেখা যায় না, যা গ্রাহকদের বিভ্রান্ত করছে।
সব মিলিয়ে, ঈদকে সামনে রেখে তাড়াইলে পরিচিত সেলুনে ভিড় ও দীর্ঘ সময় অপেক্ষা,অলস সেলুনের পার্থক্য,অতিরিক্ত মূল্য আদায়,স্বেচ্ছায় বকশিস এবং ব্র্যান্ডভিত্তিক হেয়ার স্টাইল খরচ বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}