ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভৈরবাসী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ভেনিস এবং এর আশেপাশের এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক ভৈরবাসী অংশগ্রহণ করেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজি রুনাক, সোলায়মান হোসেন এবং মোবারক হোসেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তারা ভৈরবাসীদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বলেন, এধরণের আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সবশেষে মসজিদের ইমাম আব্দুল আজিজ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে আগত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ভৈরবাসীদের এই উদ্যোগ ভেনিসের বাংলাদেশ কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও এধরণের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখবেন।