গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে হানা দেয়ায় পুলিশের ওপর হামলা। গাড়ি ভাঙ্চুর করে তিন জুয়ারি ছিনতাই। পুলিশের পাল্টা অভিযানে আটক সাত। মঙ্গলবার (২৪ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম।
এর আগে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে পুলিশের ওপর হামলার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়। এতে আটকদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে ছিনিয়ে নেয়া হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- ফুলছড়ি উপজেলার চন্দিয়া গ্রামের নয়াপাড়া এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫), জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭)সহ চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ফুলছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছিনিয়ে নেয়া তিন আসামিসহ হামলার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে চন্দিয়া এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।