যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬শে মার্চ) উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত অর্জনকে অর্থবহ করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে দিবসটি ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হয়, যা পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।
এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সম্রাট হোসেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ তার নেতৃত্বে আয়োজিত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মণিরামপুরে স্মরণসভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যা স্বাধীনতা দিবসের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে পালিত হয়েছে।