কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এনসিপি নেতা ও ছাত্রশক্তি কর্মী মেহেদী হাসান তানজীমের বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার রাতে পৌর ভিংলাবাড়ী এলাকার মনির হাজীর বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগটিকে সত্য বলে মনে করলেও, অনেকে এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এলাকাবাসীর একাংশ বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।
ভুক্তভোগী স্বামী জানান, সন্ধার সময় আমি আমার বউকে নিয়ে বাহিরে যাই। বাহির থেকে ঘুরে এসে আমি আমার বউকে আমি বাসার সামনে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে যাই। পরবর্তীতে আমার বউ নিজের রুম থেকে বাড়ির মালিকের ফ্রিজ থেকে পানি আনতে যায়, তখন বাড়ি মালিকের ছেলে তার পরিবারের কেউ বাসায় না থাকায় মেহেদী হাসান তানজীম আমার স্ত্রীকে জড়িয়ে ধরে।
অভিযুক্ত মেহেদী হাসান তানজীম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে আসছেন। মাদক ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লাগায় তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী দেবিদ্বার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজীমকে আটক করে। পরে তাকে কুমিল্লা জেলা আদালতে প্রেরণ করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।