মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার নম্বর ৩৭, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন মৃধা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।