ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্টের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।আজ (১০ এপ্রিল ২০২৬) গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্টের পরিচালক নিটোল আহমেদ।

অনুষ্ঠানে উপজেলার গোপালপুর, রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল ২টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি কিন্ডারগার্টেন। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সায়েন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়।
একই দিনে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে শুরু হয় বিনামূল্যের আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং কার্যক্রম। এতে তিন শতাধিক বয়স্ক রোগী চোখের ছানি নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, বাছাইকৃত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
এছাড়াও, কর্মসূচির অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আসহাব উল্লাহ (এমজেএফ), গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ), লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী এবং লায়ন উম্মে সালমা প্রমুখ।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}