“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই…”—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে এক আবেগঘন, ব্যতিক্রমী ও মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায়।

রবিবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট (সিড) ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান, উপহার সামগ্রী বিতরণ এবং একবেলা খাবারের আয়োজন। পুরো আয়োজনটির উদ্যোগ নেয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিবুন নবী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরুন নেসা, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, কিংবদন্তী অভিনেতা ওমর সানি, বরেণ্য সংগীতশিল্পী রবী চৌধুরী, অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, অভিনেত্রী তাসনিয়া তানহা সহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শতাধিক পথশিশুর হাতে তুলে দেওয়া হয় ভালোবাসার উপহার এবং তাদের জন্য আয়োজন করা হয় একবেলা পুষ্টিকর খাবারের। শিশুদের হাসি, উচ্ছ্বাস আর নতুন স্বপ্নে ভরপুর ছিল পুরো মিলনায়তন। যেন এক সন্ধ্যায় তারা খুঁজে পেলো আপন মানুষ, ভালোবাসা আর নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই ভাইবোন। তাদের অবহেলা নয়, প্রয়োজন ভালোবাসা ও দায়িত্ববোধ। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তারাও একদিন সমাজের আলোকিত মানুষ হয়ে উঠবে।”

সভাপতি তার বক্তব্যে মানবতার বার্তা তুলে ধরে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সবসময় মানবিক কাজে নিয়োজিত থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকতে চায়।”

আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সমাজে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করা হয়, যা উপস্থিত সবার মাঝে অনুপ্রেরণার সঞ্চার করে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}