ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমি ও ঢেউ-এর যৌথ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় স্থানীয় গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুল ইসলাম সুমন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক রুমেল হাবিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজালুর রহমান রিপন, প্রবর্তক একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন এবং সাখিহা আলম।
বিকাল ৪টায় গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের বৈচিত্র্যময় লোকজ সাজ পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত, বর্ণিল ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে লোকজ ঐতিহ্যভিত্তিক সৃজনশীল সাজসজ্জার ওপর ভিত্তি করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদ।