চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি বি-ব্লক এলাকায় মব সৃষ্টি করে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী হুমায়ুন কবির সুমনের অভিযোগ, গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাজার থেকে বাসায় ফেরার পথে বি-ব্লক আর্মি স্টোরের সামনে পৌঁছালে ডা. মোকবুলের ছেলে ফাহিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক তার পথরোধ করে। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে গুরুতরভাবে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি আরও জানান, হামলাকারীরা তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর করানোর চেষ্টা চালায়। তারা দাবি করে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার কাছে তাদের ৪ লাখ টাকা পাওনা রয়েছে।
তবে এ দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। ঘটনার সময় স্থানীয় সমাজপতি কামাল পারভেজ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি অভিযুক্তদের কাছে পাওনার কোনো প্রমাণপত্র আছে কিনা জানতে চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় নেই প্রায় দুই বছর, এতদিন কোথায় ছিলেন? কোনো ডকুমেন্ট আছে কি?” স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি পরিকল্পিতভাবে চাঁদাবাজির একটি অপচেষ্টা হতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী সুমন আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দিনদিনই আকবর শাহ এলাকায় বাড়ছে মব সন্ত্রাসী দৌরাত্ম্যে ,রুখবে কে ?