ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরে খাসজমি বন্দোবস্ত নেওয়া শতাধিক ভূমিহীন কৃষকের আবাদকৃত ভুট্টা এবং বিভিন্ন ফসলের খেত দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
জানাগেছে, রোববার বেলা ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেহপুর গ্রামের বাসিন্দারা। তাঁরা এ সময় বন্দোবস্ত পাওয়া জমির দলিল প্রদর্শন করেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, ২০১৫-১৬ সালে চর শালেহপুরের মৌজায় সরকারের পক্ষ থেকে শতাধিক ভূমিহীন পরিবারকে ৪৭৪ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে তাঁরা দীর্ঘদিন যাবৎ ভুট্টা ও বাদাম বিভিন্ন ধরনের ফসলি চাষাবাদ করে আসছে এবংদীর্ঘদিন স্থায়ীভাবে বসতি স্থাপন করে বসবাস করছে । চলতি বছর ওই জমিতে ভুট্টার আবাদ করেন তাঁরা। সম্প্রতি স্থানীয় দিপু খানের নেতৃত্বে মোসলেম, মোনায়েম, বাশারসহ কয়েকজন জোরপূর্বক জমি দখলে নিয়েছেন। আবাদ করা ভুট্টা তুলতে গেলে হুমকিধমকিসহ মারধর করা হয় বলেও অভিযোগ।
মঞ্জুয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘সরকার থেকে আমাগো তিন বিঘা জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই জমিতে এবার ভুট্টার খেত করছি, কিন্তু ভুট্টা কাটার জন্য কামলা (শ্রমিক) পাঠালে তাঁদের মারধর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা কেউ ওই জমির কাছে যেতে পারছি না। এখন প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা সুষ্ঠু সমাধান চাই।’
উকিল উদ্দিন খাঁ নামের আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা আমাদের ভুট্টা ঘরে আনতে চাই, এই ভুট্টা বেঁচেই আমাদের সংসার চলবে। এই ভুট্টা আনার জন্য আমাদের পাশে কেউ দাঁড়ালে তাঁর নামেই মিথ্যা কথা বলে মামলা দেওয়া হচ্ছে।
মানববন্ধন থেকে তাঁরা বন্দোবস্ত পাওয়া জমি ও ফসল রক্ষার দাবি জানিয়েছেন। এ ছাড়া তাঁরা কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করছে ।