চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ, এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব ও শিক্ষা কর্মকর্তা জনাব নাজমা বিনতে আমিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া, সম্মানিত অভিভাবক সদস্য জনাব আলতাফ হোসেন, জনাব আব্দুর রশিদ চৌধুরী (টিটু) এবং মোছাম্মৎ মণিকা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি আধুনিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

মেয়র তার বক্তব্যে চট্টগ্রাম নগরীর চলমান উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও কার্পেটিং কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল-নালা পরিষ্কার ও পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করে নগরীকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নগরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ আধুনিকায়ন ও ডিজিটাল সুবিধা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

এ সময় মেয়র আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষ পর্যায়ে রয়েছে। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ সমাজ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়ে তোলা—যেখানে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পাবে এবং দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}