পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে গমনরত সম্মানিত হজযাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহারসামগ্রী প্রেরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এ উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের সম্মানার্থে এবং তাদের যাত্রাপথকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোট এক লক্ষ বোতল বিশুদ্ধ মিনারেল ওয়াটার, যার মধ্যে ৬০ হাজার বোতল আশকোনা হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং অবশিষ্ট ৪০ হাজার বোতল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রেরণ করা হয়েছে। এই পানি শুধুমাত্র হজযাত্রীদের ব্যবহারের জন্য নির্ধারিত। এছাড়াও উদ্বোধনী ফ্লাইটে অংশগ্রহণকারী হজযাত্রীদের জন্য বিশেষ উপহার প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এসব প্যাকেজে রয়েছে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং পবিত্র আজওয়া খেজুর। প্রতিটি উপহারসামগ্রী যত্নসহকারে প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করবেন।

এই উদ্যোগ হজযাত্রীদের প্রতি সরকারের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সেবামূলক মনোভাবের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}