গাইবান্ধা শহরের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় ঘাঘট লেকের কচুরিপানা অপসারণসহ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় গাইবান্ধা সদর ভূমি অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এই বিশাল কর্মযজ্ঞে সক্রিয় সহযোগিতা করছে গাইবান্ধা পৌরসভা।

এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা(এনজিও) এই অভিযানে একাত্মতা ঘোষণা করে অংশ নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো গণ উন্নয়ন কেন্দ্র, ওয়ার্ল্ড ভিশন, এসকেএস ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, পদক্ষেপ, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অন্যান্য সংগঠন। দীর্ঘদিন ধরে ঘাঘট লেকে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মশার উপদ্রবসহ পরিবেশ দূষিত হচ্ছিল। শহরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতেই এই সমন্বিত উদ্যোগ নেয়া হয়। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “গাইবান্ধাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ঘাঘট লেকের গুরুত্ব অপরিসীম। শুধু প্রশাসনের একার পক্ষে এটি রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, এর জন্য সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে।” অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতা কর্মী লেকের কচুরিপানা সরানোর কাজে নেমে পড়েন।