ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় উপজেলা সদর ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার।
তিনি জানান, গতকাল (১৮ এপ্রিল ২০২৬) নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকায় তাকে শাস্তিমূলক বদলি হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে সদর ভূমি অফিসে জমির খারিজ সংক্রান্ত ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য নিতে যান তিন সাংবাদিক—বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ।
এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিস কক্ষে তালাবদ্ধ করে বাইরে চলে যান। এতে সেখানে উপস্থিত অন্যান্য সেবাগ্রহীতাসহ সাংবাদিকরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
পরবর্তীতে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের হস্তক্ষেপে সাংবাদিক ও সেবাগ্রহীতারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।