ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নেকমরদ ইউনিয়ন ছাত্রদল। আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সহায়তা দিতে একটি বিশেষ হেল্প সেন্টার চালু করা হয়েছে। শুরু থেকেই এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনায় রেখে হেল্প সেন্টারে রাখা হয়েছে দুপুরের নাস্তা, বিশুদ্ধ পানির বোতল, হালকা খাবার হিসেবে বিস্কুট এবং শরীরের ক্লান্তি দূর করতে ওরস্যালাইন। এতে করে পরীক্ষার আগে ও পরে তারা স্বস্তি পাচ্ছেন।
এছাড়াও অনেক পরীক্ষার্থী হঠাৎ করে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ না পেয়ে সমস্যায় পড়েন। সেই বিষয়টি মাথায় রেখে হেল্প সেন্টারে কলম, ফাইল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারছেন।
উদ্যোক্তারা বলেন, “পরীক্ষা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, অভিভাবকদের জন্যও একটি উদ্বেগের সময়। আমরা চাই, তারা যেন একটু স্বস্তি নিয়ে এই সময়টা পার করতে পারেন। সেই চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।”
এদিকে, স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। অনেকেই এটিকে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

তাদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নেকমরদ ইউনিয়ন ছাত্রদল এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}