ব্রাহ্মণবাড়িয়া জেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬। পরীক্ষার প্রথম দিনেই জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন মান্যবর জেলা প্রশাসক।
তিনি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কক্ষের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসক বলেন, সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী জেলার সকল পরীক্ষা কেন্দ্র কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দেন।