২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ত্বরিত উদ্যোগে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন উমরাহ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন।

জানা যায়, মাস্ক হজ গ্রুপ নামের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গত ২৪ মার্চ উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান এসব যাত্রী। তাদের ৫ এপ্রিল দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ে এজেন্সি রিটার্ন টিকিট সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে তারা সৌদিতে অনিশ্চয়তার মধ্যে পড়েন। এমনকি গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়, যা তাদের পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এ পরিস্থিতিতে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করেন। বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেন এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধর্মমন্ত্রীর নির্দেশনায় কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সর্বশেষ দলটি দেশে ফেরার মাধ্যমে এ সমস্যার সমাধান হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার কর্মকর্তা এ এস এম সায়েম।

এদিকে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে যাত্রীরা যাতে কোনো আইনি জটিলতায় না পড়েন, সে লক্ষ্যে জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও একই এজেন্সির মাধ্যমে যাওয়া কিছু উমরাহ যাত্রী একই ধরনের সমস্যায় পড়েছিলেন। সেসময়ও ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}