ব্রাহ্মণবাড়িয়ায় “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মো. জুনায়েদ মিয়া জানান, সম্প্রতি এক ব্যক্তি তার দোকানে একটি মোবাইল ফোন বন্ধক রেখে ৩ হাজার টাকা গ্রহণ করেন। পরে ওই ব্যক্তি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দোকানে এসে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা জুনায়েদ মিয়াকে ‘চোর’ বলে অপবাদ দেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালান। একপর্যায়ে তারা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি প্রত্যাখ্যান করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী জুনায়েদ মিয়া বলেন, “আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। পরে তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”অভিযোগে আরও উল্লেখ করা হয়, কথিত “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

তাদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া ও রবিনসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক সংগঠনের আড়ালে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}