১৩০ বছরের বিশ্বের সবচেয়ে পুরনো মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বোস্টন  আন্তর্জাতিক ম্যারাথন ২০২৬ অংশ নিলেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১৪০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া শিব শংকর পাল।

সোমবার ২০ এপ্রিল বিশ্বের সবচেয়ে পুরনো এই ম্যারাথনে অংশ নিয়ে দেশের লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের হয়ে বোস্টনের এই ইভেন্টে অংশ নিয়ে সুনাম কুড়িয়ে চলেছেন ক্রীড়াবিদ শিব শংকর। পতাকা হাতে নিয়ে তিনি দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে।

এর আগে দূরপাল্লার ম্যারাথনটি শহরের হপকিন্টন থেকে শুরু হয়ে মনোরম শহরতলি যেমন মিডলসেক্স কান্ট্রি ও নরফোক পেরিয়ে ঐতিহাসিক বোস্টন শহরের প্রাণকেন্দ্রে এসে শেষ হয় । তবে নিউটনের ঢেউ খেলানো উঁচু-নিচু রাস্তাগুলো, যা ক্রমাগত ওঠানামা করে তা বোস্টন ম্যারাথনকে অন্যতম কঠিন রুটে পরিণত করেছে। বিশেষ করে বোস্টন কলেজের কাছে প্রায় সাত কিলোমিটার আগে অবস্থিত কুখ্যাত হার্টব্রেক হিল প্রত্যাক এ্যাথলেটদের জন্য ছিল একটি চ্যালেঞ্জিং বাধা।

এরপরও দীর্ঘ ঢালু পথে নেমে বয়েলস্টন স্ট্রিটের ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যায় সবাই।এতকিছুর পরও বোস্টন ম্যারাথনের আকর্ষণ এতে একটুও কমেনি। ১৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা হাতে দৌড়াতে পেরে দারুণ খুশী বর্তমানে জার্মানির মিউনিখে বসবাসরত ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল। তিনি জানান, কলকাতা ম্যারাথন সাফল্যের সাথে শেষ করার পর খুব অল্প সময়ই পেয়েছি বোস্টন ম্যারাথনের প্রস্তুতি নিতে।

তবুও দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে শত প্রতিকুলতা পার হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে মার্কিন মুল্লুকে দৌড়ানোটা আমার জন্য সব সময়ের মতই গর্বের ও উপভোগের।

বোস্টন শহরেও বসবাস করছেন কয়েকশ প্রবাসী পরিবার। এদিন শিব শংকরকে দেশের পতাকায় দেখতে পেয়ে অনেকেই গৌরবের সাথে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিয়ে শিব শংকরকে অনুপ্রেরণা যোগান। নিরাপত্তা বলয় আর নিয়ম কানুনের কারণে ম্যারাথন শেষে তাদের কারো সাথে দেখা করতে না পেরে আক্ষেপের কথা জানান শিব শংকর।

তবে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিতে ভোলেননি শিব শংকর। নিউইয়র্ক ম্যারাথনের অংশ নেয়ার পর বোস্টন ম্যারাথনের ১৩০ তম এই আসরকে চিরদিন স্মরণে রাখার কথা জানান তিনি। ফিনিশিং লাইন শেষে পদক গ্রহণের পর বাংলাদেশকে নিয়ে তাঁর স্বপ্নের কথা জানান। বলেন লক্ষ্য একটাই কমপক্ষে দেড়শ আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক স্পর্শ করা।

বুকে থাকবে শুধুই লাল সবুজের পতাকা। তবে সাধারণ মানুষের ভালবাসা, স্ত্রী শিখা এবং তিন সন্তান মাক্সি, দিব্য ও ত্রয়ী’র সমর্থন না থাকলে সেটা অসম্ভব বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}