গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে তিনজন, ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে এক যুবক ও সাঘাটা উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও শামীম নামে একজন আহত এবং একটি গরু ও ঘোড়া মারা গেছে।

নিহতরা হলেন- সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২) এবং বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বার আলী (৬৫)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। অপরদিকে ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন ও তার ঘোড়া মারা যায়। এছাড়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের নম্বার আলী বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গেলে বজ্রপাতে তিনি মারা যান।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী আরও জানান, একই সময়ে পাশে থাকা একটি গরু ও ঘোড়া মারা যায়। বজ্রপাতে আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}