ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (৯)-এর সঙ্গে এক হৃদয়স্পর্শী মুহূর্তে প্রধানমন্ত্রী নিজ গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুলেছেন। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গতকাল (২ মে ২০২৬) প্রধানমন্ত্রী সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় ছোট্ট মামুন সামনে এসে তার সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী নিজেই গাড়িবহর থামিয়ে শিশুটিকে কাছে ডাকেন।তিনি তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন, মাথায় হাত বুলিয়ে কান্না থামান এবং পরে তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
এ সময় শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়। চিরকুটে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামের সঙ্গে ভালোবাসার চিহ্ন আঁকা ছিল।
আবদুল্লাহ আল মামুন সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে সিলেট সিটি করপোরেশনের চৌকিদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছে।
শিশুটির বাবা বোরহান উদ্দিন, পেশায় একজন ঠিকাদার এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি মুঠোফোনে বলেন,“প্রধানমন্ত্রী নিরাপত্তা ও প্রটোকল উপেক্ষা করে যে আন্তরিকতা ও মমতায় আমার সন্তানকে বুকে জড়িয়ে তার ইচ্ছা পূরণ করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”তিনি আরও বলেন,“আমার ছেলে তারেক রহমানের প্রতি যে আবেগ ও ভালোবাসা দেখিয়েছে, তা দেখে আমি একজন বাবা হিসেবে গর্বিত।”