ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৬ মে ২০২৬) কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির মাধ্যমে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব যন্ত্র মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আনবে এবং কৃষকদের কাজকে আরও সহজ ও সাশ্রয়ী করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। তিনি বলেন, “বাংলাদেশের কৃষি আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বাড়বে। এতে কৃষকের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ—এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা।”ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, তা আজ আরও বিস্তৃত রূপ পেয়েছে। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সব উদ্যোগ কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল ও রাসেদুল হক কাজী সুমন প্রমুখ।