বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এর কার্যকর বাস্তবায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কুড়িগ্রামে এক বিশাল ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড়স্থ নগরাজপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ মীর আসলাম। কুড়িগ্রাম জেলা তথ্য অফিসারের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, “নতুন বাংলাদেশ গড়ার অন্যতম স্তম্ভ হলো আমাদের কৃষি ও কৃষক। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষিকে যান্ত্রিকীকরণ এবং লাভজনক করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার রোডম্যাপ তৈরি করা হচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ মীর আসলাম বলেন, “সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের অধিকার রক্ষা এবং স্মার্ট কৃষি ব্যবস্থার সাথে তাদের পরিচয় করিয়ে দিতেই এই ধরনের সমাবেশের আয়োজন।
“সমাবেশে সরকারের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের কথা তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য:
স্মার্ট কৃষি কার্ড: কৃষকদের সরাসরি সরকারি সুবিধা প্রদানের লক্ষ্যে ডিজিটাল ডাটাবেজ তৈরি।
ভর্তুকি ও প্রণোদনা: সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতিতে সরাসরি নগদ সহায়তা ও প্রণোদনা বৃদ্ধি।
জলবায়ু সহিষ্ণু কৃষি: উত্তরবঙ্গের আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবন ও চাষাবাদে উৎসাহ প্রদান।
সমাবেশে স্থানীয় কয়েকশত কৃষক অংশ নেন। পরিশেষে, নগরাজপুর ও পার্শ্ববর্তী এলাকার কৃষকদের মাঝে আধুনিক কৃষি পদ্ধতি ও সরকারি সুযোগ-সুবিধা সম্বলিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।