গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ দাবি করার সময় জাফরউল্লাহ (৪৫) নামে এক ভুয়া কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১০ মে) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক জাফরউল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

অফিস সূত্রে জানা যায়, রোববার সকালে জাফরউল্লাহ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করে নিজেকে রংপুর অঞ্চলের দুদক কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি অফিসের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তা ধামাচাপা দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। তিনি সুনির্দিষ্ট কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি এবং কোন কার্যালয় থেকে এসেছেন—এমন প্রশ্নের মুখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অফিসের কর্মচারীরা তাকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া জাফরউল্লাহ নামে এক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}