চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী ও আশপাশের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটিভর্তি একটি ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে সুন্দরপুর ইউনিয়নের শিবিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। অভিযানে মাটি পরিবহনের সময় মোঃ সোহবুল হকের ছেলে মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার জয়ন্দীপুর রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় পরিবহন করা হচ্ছিল।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র রাত-দিন ট্রাক্টর ও ভেকু দিয়ে নদীর তীর ও ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীর তীর ভাঙনের ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, “ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন শত শত ট্রাক্টর মাটি বহন করছে। প্রশাসনের অভিযানকে আমরা স্বাগত জানাই, তবে শুধু জরিমানা নয়—স্থায়ীভাবে এই মাটি লুট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}