চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চকবাজার এলাকায় শিক্ষা অবকাঠামোর উন্নয়নে প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও প্রশাসনিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

উদ্বোধন করা প্রকল্প দুটি হলো ১৬ নং চকবাজার ওয়ার্ডস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ রোডের উন্নয়ন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় তলা-৫ম তলা)।

 

মেয়র বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। কাপাসগোলা মহিলা কলেজের সড়ক ও ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুষ্ঠু পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে।

 

উদ্বোধন হওয়া সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৬০৬ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের রাস্তা উচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।

 

ভবন সম্প্রসারণ প্রকল্পের চুক্তিমূল্য ৫ কোটি ৮ লাখ টাকা। ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত চারটি ফ্লোর সম্প্রসারণ করা হবে। প্রতিটি ফ্লোরে ৫টি করে মোট ২০টি ক্লাসরুম থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন ৬ হাজার বর্গফুট।

 

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

 

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ।

 

স্বাগত বক্তব্য রাখেন কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, শাফকাত বিন আমিন এবং সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}