নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের শাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার (১৬ মে) সকাল ১১টায় টুপামারী ইউনিয়ন ও খোকশাবাড়ী ইউনিয়নের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নকে উৎসাহিত করতে এ আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী এপি।
প্রীতি ম্যাচে টুপামারী ইউনিয়নের পক্ষে অংশগ্রহণ করে সরকারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং খোকশাবাড়ী ইউনিয়নের পক্ষে অংশ নেয় উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় সরকারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম সাজ্জাদ এবং সরকারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা বেগম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মেয়েদের শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলাসহ সকল সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী এবং দলগত মানসিকতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন কিশোরীদের আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উত্তর রামকলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী পল্লবী রায়।
অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এমন একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।