চট্টগ্রাম মহানগরী ও জেলার পৃথক দুইটি অভিযানে মোট ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার (১৬ মে) পরিচালিত এসব অভিযানে পাঁচলাইশ ও হাটহাজারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হানজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোঃ আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার বাসিন্দা।

এসময় তার হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোট জব্দ করে র‌্যাব।

অপরদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন আলিপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ফেনী জেলার পরশুরাম থানার শালধর এলাকার জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) এবং চারিগ্রাম এলাকার হাসানুর রাহি (১৯) নামে দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে জাহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকার এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}