নড়াইলের ঘোষবাড়িতে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে পিকআপ ও লাটা গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এছাড়া লাটা গাড়িতে থাকা আরো ৪ জন শ্রমিক আহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু ঘটনাস্থলেরই মারা যান। এরপর স্থানীয়রা ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দু’টি ট্রলি দ্রুত গতিতে পাল্লা দিয়ে যাচ্ছিলো। এসময় লোহাগড়া থেকে যশোরগামী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অলোক কুমার বাগচি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে মোট ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পিকআপের হেলপারের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}