নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পকে রাজস্বখাতে স্থানান্তর এবং প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট সকল জনবলের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে প্রকল্পের শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সদস্য ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, খায়রুল আলম, জহিরুল ইসলাম, আব্দুল হক, আব্দুল গাফফার, আবু সাঈদ মল্লিক, আকরাম হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে দায়িত্ব পালন করলেও প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা এখনো স্থায়ী চাকরির নিশ্চয়তা পাননি। তাই দ্রুত প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তর এবং সংশ্লিষ্ট সকলের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর কাছেও স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}