ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতম পাড়ায় ২০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ৬ জনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় একটি অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।

এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গৌতম পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যেই একটি চক্র আবার নতুন করে সংযোগ দিয়ে থাকে। ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হয়ে পড়ছে। তবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}