নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে শিশুদের আত্মবিকাশ, সম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় এই খেলার আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও টুপামারী উচ্চ বিদ্যালয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪-০ গোলের ব্যবধানে বিজয় লাভ করে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা মুন্নি এবং টুপামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুদ। এছাড়াও দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসক বলেন, “শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠভিত্তিক কার্যক্রম শিশুদের শৃঙ্খলা, দলগত মনোভাব এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিশুদের ভবিষ্যৎ বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।”
খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব ইসলাম। তিনি একাই চারটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দারুণ খেলায় মুগ্ধ হয়ে প্রধান অতিথি মাহমুদুল হাসান মাসুম তাকে পুরস্কার হিসেবে ফুটবল খেলার বুট ও জার্সি উপহার দেওয়ার ঘোষণা দেন। শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানাযায়।