সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মোঃ আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় বা অযথা মামলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সক্ষমতা কম থাকায় ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মেলা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}