ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদে শিশু কল্যাণে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, প্রশাসনিক কর্মকর্তা রিফাত আরা বেগম এবং প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক মাসুম।
এসময় টুপামারী করতোয়া শিশু সংগঠনের সদস্যরা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, খেলাধুলা ও সামাজিক বিকাশে বাজেট বরাদ্দের গুরুত্ব তুলে ধরে চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। তারা শিশুদের প্রয়োজন ও অধিকারভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানান এবং স্থানীয় পর্যায়ে শিশুদের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংলাপে বক্তারা বলেন, শিশুদের উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে শিশু কল্যাণমূলক বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে একটি শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে শিশু সংগঠনের উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির।