গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকার রংপুর আঞ্চলিক সড়কে রোববার সাড়ে রাত ১০টার দিকে ড্রাম ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আউয়াল (৫৫) নামে সাবেক দায়রা জজ নিহত হয়েছেন।
নিহত আব্দুল আউয়াল বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গাজীর মোড় গ্রামের সৈয়দ ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে এক মুহুরীর (আইনজীবীর সহকারী) সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল সরকার। পথে রাত সাড়ে ১০টার দিকে বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন শ্মশান এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সর্বশেষ গাজীপুর জেলার অতিরিক্ত দায়রা জজ ছিলেন ও বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্রাকটিস করছিলেন।
নিহতের ভাতিজা রাশেদুল ইসলাম বলেন, আব্দুল আউয়াল সর্বশেষ গাজীপুর জেলার দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে একটি শালবন সংক্রান্ত বিষয়ে অন্যায় সুবিধা না দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছিল। তখন থেকেই তিনি বরখাস্ত অবস্থায় ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।