কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় পুকুরে ডুবে ছকিনা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, পাটেশ্বরী বাজারসংলগ্ন একটি পুকুরে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত বাবুল মিয়া মরদেহটি তার মা ছকিনা বেগমের বলে শনাক্ত করেন।

বাবুল মিয়া জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যেতেন। মঙ্গলবার সকালেও তিনি বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানা-র ওসি আজিম উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}