বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমদ। তার এ পদোন্নতির খবরে রাণীশংকৈলসহ পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আনন্দ প্রকাশে রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি শামীম হোসেন সুমন, সাধারণ সম্পাদক আকতারুর ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি প্রভাষক ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন কামাল আনোয়ার আহমদ। ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেন। নেতাকর্মীদের মতে, কামাল আনোয়ার একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি কখনো সংগঠন ও আদর্শের পথ থেকে সরে যাননি। বিশেষ করে ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় কার্যক্রম সমন্বয় এবং নেতাকর্মীদের সক্রিয় রাখতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহমদ বলেন, “আমাকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং নেতৃত্বের আস্থা অর্জনের ফলে কেন্দ্রীয় রাজনীতিতে কামাল আনোয়ার আহমদের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করছেন তারা।

এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল, পীরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেওয়া হয়েছে। অনেকেই এ ঘটনাকে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে কামাল আনোয়ার আহমদ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং উত্তরাঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে কার্যকর অবদান রাখবেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}