বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। এসময় সংগঠনটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’।

শুক্রবার (৫ জুন) সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও শহরের বিভিন্ন সড়কের রোড ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএফএইচ’র ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা, মেহেরপুর জেলা ইউনিটের সমন্বয়ক মো. তুহিন, রায়হান রাফি, মিয়াজান আলী, আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

এসময় বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়নের লক্ষ্য নিয়ে কাম ফর হিউম্যানিটি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবসে ‘গ্রিন মেহেরপুর ক্যাম্পেইন ২০২৬’-এর যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য মেহেরপুর গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মামুন অর রশিদ বিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দূরদর্শী পরিকল্পনা, পরিবেশ ও মানবতার প্রতি দায়বদ্ধতা এবং সার্বিক দিকনির্দেশনার ফলেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

মিলি আক্তার বর্ষা আরও জানান, এ কর্মসূচি শুধু বিশ্ব পরিবেশ দিবসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুরো বর্ষা মৌসুমজুড়ে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ‘বৃক্ষবন্ধু প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গঠনেরও অন্যতম মাধ্যম। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}