ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোরের মনিরামপুরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে মনিরামপুর উপজেলা প্রশাসন ও মনিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে জনসাধারণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে কোথাও যাতে পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের প্রধান হাতিয়ার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের কোনো বিকল্প নেই। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, সিনিয়র কনসালট্যান্ট ডা. ইদ্রিস আলী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসানসহ মনিরামপুর পৌরসভার কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তাও প্রচার করেন।