গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে এবং ওই কিশোরীকে হেফাজতে নেয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে লাবু হাসান (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই উপজেলার শিমুলতাইড় গ্রামের বাবুল প্রধানের ছেলে রহমত উল্যা প্রধান (১৯)।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরী জানান, শুক্রবার দিবাগত ১২টার দিকে বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় ৪ জন যুবক পিছন থেকে তার মুখ চেপে ধরে তাকে বুরুঙ্গী বিলের পাশে নিয়ে যায়। পরে সেখানে তারা পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে। একজন পালিয়ে যায়।
সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, খবর পেয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।