জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জেলা পর্যায়ে হামদ-নাত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আল ইফাজ।

রোববার সকালে যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

হামদ-নাত বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আল ইফাজ তৃতীয় স্থান অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সনদপত্র প্রদান করা হয়।

আল ইফাজ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের প্রবাসফেরত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। সে কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। নিয়মিত চর্চা ও শিক্ষকদের দিকনির্দেশনায় সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।

এর আগে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম স্থান অর্জন করে আল ইফাজ সবার নজর কাড়ে। পরে উপজেলা পর্যায়ের একটি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। সর্বশেষ জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে সে নিজের মেধা ও প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখল।

আল ইফাজের এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আল ইফাজ অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা মনে করেন, আল ইফাজের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর ইউনিয়ন এবং ঝিকরগাছা উপজেলার জন্যও গর্বের বিষয়। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}