কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৭ জুন) সন্ধ্যায় জাওয়ার বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সচেতনতামূলক আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এবং United Nations Development Programme (UNDP) ও European Union (EU)-এর যৌথ অর্থায়নে পরিচালিত “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুবিধা এবং ইউনিয়ন পর্যায়ে সহজ ও দ্রুত বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ভিডিওচিত্রে দেখানো হয় কীভাবে সাধারণ মানুষ নামমাত্র খরচে এবং স্বল্প সময়ে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেতে পারেন।
ভিডিও প্রদর্শনীতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ ব্যক্তিবর্গ ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, আগে ছোটখাটো বিরোধ বা আইনি সমস্যার সমাধানের জন্য তাদের থানা কিংবা জেলা আদালতের দ্বারস্থ হতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তবে এই প্রদর্শনীর মাধ্যমে তারা গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এ বিষয়ে উপজেলা কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান ভূঞা বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে এই সেবা গ্রহণে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি জানান,গ্রামীণ জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সেবাকে আরও জনপ্রিয় করে তুলতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে, মামলা-মোকদ্দমার চাপ কমবে এবং গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।