ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মায়েদের সঙ্গে মতবিনিময় করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক ঈমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সদস্য মো. নাছির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব দাস, বাপন দাস এবং রাধাবল্লভ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. নাছির চৌধুরী বলেন, “সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে ওঠে না। তাদের মধ্যে মনুষ্যত্ব, দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসার মূল্যবোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকেও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।”
বিশিষ্ট ব্যবসায়ী রাজিব দাস বলেন, “অর্থনৈতিক কারণে যারা সন্তানদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা-কলম কিনে দিতে পারছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যথাসাধ্য সহযোগিতা করব।”
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বলেন, “শিক্ষার্থীরা প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যালয়ে থাকে। বাকি সময় তারা কোথায় যাচ্ছে এবং কী করছে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিকেলে নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে হবে। খেলাধুলা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করে।”

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক তদারকির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}