বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশীদের মৃত্যু হয়।
হারুন অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ত্রাণ ও নৌ-পরিবহনসহ একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় রাজনীতি ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
রাজনীতির পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় ছিলেন হারুন অর রশীদ।
তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে।তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।