দলের বর্তমান কর্মকাণ্ডে আস্থা হারানোর কথা জানিয়ে সকল পদ-পদবি ছাড়লেন জাপা নেতা আব্দুল্লাহ আল মামুন, যশোর।

যশোরের মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম দল থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমেও তিনি বিষয়টি সর্বসাধারণকে অবহিত করেন।

ভিডিও বার্তায় এম এ হালিম বলেন, জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ড ও নেতৃত্বের ধারা দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। ভবিষ্যতেও দলটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি মনে করেন না। এ বাস্তবতা বিবেচনায় তিনি মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মণিরামপুরের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে এম এ হালিম তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের একটি কপিও সরবরাহ করেন।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না বা তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}