ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া নাট্যচর্চাকে আবারও সক্রিয় করার প্রত্যয়ে ‘শিল্পীত নাটক, বিকশিত সমাজ’ শ্লোগানকে সামনে রেখে গতকাল (১৩ জুলাই ২০২৬) রাতে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকর্মী শেখ শামসুল ইসলাম সুমনের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় স্থানীয় নাট্যজন ও নাট্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রায় চার দশক আগে ‘শিল্পীত নাটক, বিকশিত সমাজ’ শ্লোগানকে ধারণ করে নবীনগরে যাত্রা শুরু করেছিল মুক্ত নাট্য সংস্থা। তবে নানা কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে নবীনগরের নাট্যাঙ্গন প্রায় স্থবির হয়ে পড়ে। সেই স্থবিরতা কাটিয়ে নাট্যচর্চাকে নতুন করে প্রাণবন্ত করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়।
নবীনগরের সৈনিক হোটেলে অনুষ্ঠিত মিলনমেলায় সভাপতিত্ব করেন মুক্ত নাট্য সংস্থার সভাপতি, নাট্যাভিনেতা ও নৃত্যশিল্পী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ শামসুল ইসলাম সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকর্মী ও সাংবাদিক আব্বাস উদ্দিন হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্ত নাট্য সংস্থার সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, পরিচালক শংকর দেব রায়, ব্যতিক্রম থিয়েটারের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, মুক্ত নাট্য সংস্থার সদস্য মাহবুব আলম লিটন, সদস্য ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান হেলাল এবং নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক শাহীন রাজা টিটুসহ অন্যান্য নাট্যব্যক্তিত্ব।
মিলনমেলায় উপস্থিত নাট্যকর্মীরা নবীনগরের নাট্যচর্চাকে পুনরুজ্জীবিত করতে আগামী শীত মৌসুমে তিন দিনব্যাপী একটি নাট্যোৎসব আয়োজনের প্রস্তাব দেন এবং এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

দীর্ঘদিন পর নবীনগরের নাট্যজনদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ঐক্যবদ্ধ উদ্যোগে সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, এ আয়োজনের মাধ্যমে নবীনগরের ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে। অংশগ্রহণকারীরা উদ্যোগটির প্রতি অকুণ্ঠ সমর্থন ও সাধুবাদ জানিয়ে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}