চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনী ডক্টরস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০ জুলাই সোমবার, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের সদস্যবৃন্দ দুর্গত এলাকায় উপস্থিত হয়ে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধকে ধারণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস্ অ্যাসোসিয়েশন সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ডাঃ সায়েফ উদ্দিন, যুগ্ম সম্পাদক ডাঃ আসহাব মেহেরাজ আসিফ, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ সংগঠনের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।