জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক হাসিব সরদার এবং সাংগঠনিক সম্পাদক আবু বকর সম্পদ-কে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বহিষ্কার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসিব সরদারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা, সংগঠনের নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সংগঠনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, গঠনতন্ত্র লঙ্ঘন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পরিচালনা করা হয়।
সংগঠনের দাবি, তদন্তে হাসিব সরদারের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকালে শিবিরের মিডিয়া কর্মী হিসেবে কাজ করা, রিপোর্টার্স ইউনিটিকে শিবিরের ‘মিডিয়া উইং’ হিসেবে ব্যবহার করা, সংগঠনের নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন ছাত্রসংগঠন থেকে অর্থ আত্মসাৎ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
অপরদিকে, সাংগঠনিক সম্পাদক আবু বকর সম্পদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসিব সরদার ও আবু বকর সম্পদের কর্মকাণ্ড সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা, সাংগঠনিক শৃঙ্খলা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ডের পরিপন্থী হওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হবে।
এছাড়া বহিষ্কারের পর তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নাম, পরিচয়, লোগো, সিল, প্যাড বা অন্য কোনো সাংগঠনিক উপকরণ ব্যবহার করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা, সুপারিশ বা আর্থিক-অনার্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, সংগঠন, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}